
গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : প্রারম্ভিক শৈশবকালীন পরিচর্যা ও শিক্ষাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, তা ফের বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী বলেছেন, সেই লক্ষ্যে আরও বহু মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে।
নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এমন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তুলছে, যেখানে শিশুরা স্নেহময় পরিবেশে শেখার, বেড়ে ওঠার এবং মানসম্মত পরিচর্যা পাওয়ার সুযোগ পাবে।
তিনি লিখেছেন, ‘আমার ছোট ছোট ভাগিনদের জন্য সেরাটাই চাই।’ এই বার্তার মাধ্যমে তিনি রাজ্যজুড়ে শিশুদের জন্য উন্নত পরিকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রতি সরকারের অগ্রাধিকার তুলে ধরেছেন।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই অসমে ৩,৮০০টির বেশি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিশু কল্যাণ ও প্রারম্ভিক শৈশব বিকাশকে আরও জোরদার করতে আগামী দিনে আরও বহু কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোর আধুনিকীকরণের পাশাপাশি শিশুদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করা। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য আরও শক্তিশালী ভিত গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস