
কোচবিহার, ৯ জুলাই (হি. স.) :-আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে কোচবিহারের রাজারহাট টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বর্মনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার প্রধানের বাড়ির সামনে মূলত এলাকার মহিলারা প্ল্যাকার্ড হাতে অবস্থান-বিক্ষোভে সামিল হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাঁর স্বামী সরকারি আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের আরও দাবি, এলাকার একাধিক রাস্তা নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ চলাকালীন রুমি বর্মনের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্বিতণ্ডা হয়।গ্রামবাসীদের দাবি, দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিক্ষোভকারীদের দাবি, জনরোষের মুখে প্রধান শেষ পর্যন্ত পদত্যাগ করতে সম্মত হয়েছেন। যদিও এই দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়