
শান্তিপুর, ৯ জুলাই (হি. স.):শান্তিপুরের কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার শান্তিপুর বিডিও অফিসে খাদ্য প্রক্রিয়াকরণ ও আধুনিক কৃষি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস, বিডিও সব্যসাচী রায়, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আধিকারিক এবং উদ্যানপালন দপ্তরের প্রতিনিধিরা।বিধায়ক স্বপন কুমার দাস জানান, শান্তিপুরে আম-সহ বিভিন্ন ফল ও শাকসবজির ব্যাপক উৎপাদন হলেও উপযুক্ত দাম না পাওয়ায় কৃষকদের ক্ষতির মুখে পড়তে হয়। সেই সমস্যার সমাধানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ফুলিয়ার বীজ খামার, উন্নত কৃষি প্রযুক্তি এবং বর্ষাকালীন পেঁয়াজ চাষের সম্ভাবনাও বৈঠকে উঠে আসে। নতুন প্রযুক্তির মাধ্যমে পূজোর আগেই পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে।বিডিও সব্যসাচী রায় জানান, প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। শান্তিপুর ব্লকের কোন কোন এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং কোন সরকারি প্রকল্পের আওতায় তা করা সম্ভব, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে। উদ্যোগটি সফল হলে কৃষকদের আয় বৃদ্ধি, খাদ্য সংরক্ষণ এবং স্থানীয় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদী প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়