
মেদিনীপুর, ৯ জুলাই (হি. স.):-মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের স্যালাইনকে ঘিরে বিতর্ক দানা বাঁধল। এবার এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। অসুস্থ ওই রোগী বর্তমানে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লির ৬২ বছরের মানসী দে শারীরিক অসুস্থতা নিয়ে গত ৫ জুলাই মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর ছেলে বিশ্বজিৎ দে অভিযোগ করেন, বৃহস্পতিবার স্যালাইন চলাকালীন তাঁর মা বুকে জ্বালার কথা জানান। পরে ব্যবহৃত 'ডেক্সরেস' স্যালাইনের বোতল পরীক্ষা করে দেখা যায়, সেটির মেয়াদ চলতি বছরের মার্চ মাসেই শেষ হয়েছে। একই উৎসে থাকা আরও কয়েকটি স্যালাইনেরও মেয়াদ উত্তীর্ণ বলে দাবি করেন তিনি।ঘটনার জেরে রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিশ্বজিতের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল সেন জানান, অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে মিলেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে একই হাসপাতালে স্যালাইন-কাণ্ডে দুই অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়