
কলকাতা, ৯ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই) কাউন্সেলিংয়ের প্রথম পর্বেই রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আসন পূর্ণ হয়ে যাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে রাজ্যের জন্য একটি বড় কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরের মধ্যে এই প্রথমবার এমনটা ঘটল, যা প্রমাণ করে যে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এখন উচ্চতর প্রযুক্তিগত শিক্ষার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর আগের চেয়ে অনেক বেশি ভরসা রাখছেন।
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই পরিবর্তন রাজ্যের শিক্ষাগত পরিবেশের প্রতি ক্রমবর্ধমান বিশ্বাসের প্রতিফলন। তাঁর মতে, তরুণ প্রজন্ম এখন উচ্চতর কারিগরি শিক্ষার জন্য নিজেদের রাজ্যকেই অগ্রাধিকার দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক একটি ইঙ্গিত।
তিনি আরও জানান, রাজ্য সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে ক্রমাগত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্দেশ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ, উন্নততর পরিকাঠামো ও সুযোগ-সুবিধার বিকাশ এবং উদ্ভাবন ও উৎকর্ষকে উৎসাহিত করার দিশায় লাগাতার পদক্ষেপ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো রাজ্য থেকে মেধার পাচার রোধ করা এবং একে ‘ব্রেন গেইনে’ রূপান্তরিত করা। এর জন্য পশ্চিমবঙ্গেই বিশ্বমানের সুযোগ-সুবিধা ও পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে রাজ্যের প্রতিভাবান যুবসমাজ এখানেই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে অংশীদার হতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি