
উত্তর ২৪ পরগনা, ৯ জুলাই (হি. স.): বিটি রোডের রথতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে পরপর ধাক্কায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল। দুর্ঘটনায় গুরুতর আহত হন এক টোটোচালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যস্ত অফিস সময়ে বিটি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, ডানলপের দিক থেকে আসা একটি যাত্রিবাহী চারচাকার গাড়ি প্রথমে একটি স্কুটি আরোহী ডেলিভারি কর্মীকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি টোটোর পিছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার জেরে টোটোটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে আছড়ে পড়ে। সামনে ও পিছন থেকে আঘাত লাগায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় টোটোচালক শংকর দাস, যিনি বেলঘড়িয়া উত্তর বাসুদেবপুরের বাসিন্দা, গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রিবাহী গাড়িতে চালক-সহ দু'জন যাত্রী থাকলেও তাঁদের কোনও আঘাত লাগেনি। তবে দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়