রাস্তা সম্প্রসারণে গিধনী বাজারে উচ্ছেদ অভিযান, ভাঙা হল ২১৭টি অবৈধ দোকান
ঝাড়গ্রাম, ৯ জুলাই (হি.স.): পূর্ত দফতর ও রেলের জমি দখলমুক্ত করে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনী বাজারে বড়সড় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। সকাল থেকেই শুরু হওয়া এই অভিযানে গোটা বাজার এলাকায় চাঞ্চল্যের স
রাস্তা সম্প্রসারণে গিধনী বাজারে উচ্ছেদ অভিযান, ভাঙা হল ২১৭টি অবৈধ দোকান


ঝাড়গ্রাম, ৯ জুলাই (হি.স.): পূর্ত দফতর ও রেলের জমি দখলমুক্ত করে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনী বাজারে বড়সড় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। সকাল থেকেই শুরু হওয়া এই অভিযানে গোটা বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যানজট কমিয়ে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে প্রশাসন জানিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তর (পিডব্লিউডি) ও রেলের জমিতে বেআইনিভাবে গড়ে ওঠা দোকানপাট চিহ্নিত করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী এদিন বুলডোজারের সাহায্যে প্রায় ২১৭টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। রাস্তা সম্প্রসারণের এই প্রকল্পে রাজ্য সরকারের পাশাপাশি রেল কর্তৃপক্ষও সহযোগিতা করছে।

অভিযান চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সকাল থেকেই গিধনী বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়।

তবে বহু বছরের পুরনো দোকান হারিয়ে বিপাকে পড়েছেন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই দোকান ভেঙে দেওয়ায় জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে প্রশাসনের দাবি, সমস্ত আইনগত প্রক্রিয়া মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান এবং ভবিষ্যতে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলেও, শেষ পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান শেষ হয়।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande