
রায়গড়, ৯ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির জেরে বন্যার জলে মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে অবস্থিত হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপি) বটলিং প্ল্যান্ট থেকে কয়েক হাজার এলপিজি সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। বন্যার জলে ভাসতে থাকা সিলিন্ডারের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩,০০০টি খালি এলপিজি সিলিন্ডার বন্যার স্রোতে ভেসে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে রায়গড়ের জেলাশাসক কিশন জাওলে সাধারণ মানুষকে কোনও অবস্থাতেই উদ্ধার হওয়া সিলিন্ডারে হাত না দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর সতর্কবার্তা, সিলিন্ডারগুলি বিপজ্জনক হতে পারে এবং বিস্ফোরণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
টানা ভারী বর্ষণের জেরে রায়গড় জেলার বিভিন্ন নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতর আগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। প্রবল স্রোতের কারণে সিলিন্ডারগুলি ভেসে যাওয়ার আগে সেগুলি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
প্রশাসনের দাবি, ভেসে যাওয়া সিলিন্ডারগুলি পাতালগঙ্গা নদীর স্রোতে খালাপুর ও পেনের দিকে চলে গিয়েছে। ইতিমধ্যেই সেগুলি উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কোনও ব্যক্তি কোথাও ভেসে আসা এলপিজি সিলিন্ডার দেখতে পেলে সেটিতে হাত না দিয়ে অবিলম্বে নিকটবর্তী গ্যাস এজেন্সি বা প্রশাসনকে খবর দেওয়ার আবেদন জানিয়েছেন জেলাশাসক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য