
কলকাতা, ৯ জুলাই (হি.স.): “সব কিছু থাকা সত্ত্বেও দীর্ঘদিনের ভুল নীতি ও ব্যর্থ শাসনের কারণে বাংলার মানুষকে কাজ ও জীবিকার সন্ধানে অন্য রাজ্যের দরজায় দাঁড়াতে হয়েছে।” বৃহস্পতিবার রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, “পশ্চিমবঙ্গের যে প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং মানবসম্পদ রয়েছে, তা ভারতবর্ষের খুব কম রাজ্যের কাছেই আছে। পাহাড় থেকে সমুদ্র, খনিজ সম্পদ, মেধা, মূলধন, দক্ষ শ্রমশক্তি, উর্বর কৃষিজমি, তিনটি রাজ্যের সঙ্গে সীমানা, তিনটি আন্তর্জাতিক সীমান্ত এবং উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান।
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসাম, ত্রিপুরা এবং ওড়িশার মানুষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রেখে উন্নয়নের পথ বেছে নিয়েছেন। আমরা মনে করি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত নয়, প্রয়োজন সমন্বয়। কেন্দ্র ও রাজ্য সরকারের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হবে।
এবারের নির্বাচনে বাংলার ৯৫ শতাংশেরও বেশি মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভ্রাতৃহত্যা, সন্ত্রাস এবং রাজনৈতিক হিংসার মাধ্যমে কেউ আর ক্ষমতা ধরে রাখতে পারেনি।
বাংলার মানুষ ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করেছেন, একদলীয় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে প্রতিহত করেছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলির মর্যাদা রক্ষার পক্ষে রায় দিয়েছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত