
আরামবাগ ,৯জুলাই (হি.স.): অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আরামবাগে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এদিন আরামবাগের কালিপুর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
পদযাত্রায় নেতৃত্ব দেন হুগলি জেলা এবিভিপির অন্যতম নেতৃত্ব শুভঙ্কর খান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক ছাত্র-যুব কর্মী।
এদিন এবিভিপির পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আরামবাগ শহর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রসমাজের অধিকার রক্ষা, জাতীয়তাবোধের বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এবিভিপি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই পদযাত্রার মাধ্যমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পদযাত্রা শেষে নেতৃত্বের পক্ষ থেকে সকল কর্মী-সমর্থকদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA