ভেঙে পড়লো চাপদানি পৌর বোর্ড
হুগলি , ৯ জুলাই (হি.স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরসভায় অচলাবস্থার ছবি সামনে এসেছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের জেরে কোথাও প্রশাসক নিয়োগ করতে হয়েছে, আবার কোথাও কার্যত ভেঙে পড়েছে পুরবোর
চাপদানি পৌরসভা


হুগলি , ৯ জুলাই (হি.স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরসভায় অচলাবস্থার ছবি সামনে এসেছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের জেরে কোথাও প্রশাসক নিয়োগ করতে হয়েছে, আবার কোথাও কার্যত ভেঙে পড়েছে পুরবোর্ড।

হুগলি জেলার চন্দননগর কর্পোরেশন থেকে এই ধারা শুরু হওয়ার পর চুঁচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, ডানকুনি ও তারকেশ্বর পুরসভাতেও মেয়াদ শেষ হওয়ার আগেই বোর্ড কার্যত ভেঙে যায়। এবার সেই তালিকায় যুক্ত হল চাঁপদানী পুরসভা।

বুধবার চাঁপদানী পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার চেয়ারম্যান সুরেশ মিশ্র-সহ আরও ১৭ জন তৃণমূল কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র পুরসভার এক্সিকিউটিভ অফিসারের (ইও) কাছে জমা দেন। সব মিলিয়ে চেয়ারম্যান-সহ মোট ১৯ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় চাঁপদানী পুরসভার পুরো বোর্ড কার্যত ভেঙে পড়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এক্সিকিউটিভ অফিসার পদত্যাগপত্রগুলি চন্দননগর মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেবেন।

তবে এখনও পদত্যাগ করেননি ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং এবং ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম কুরেশি। জানা গিয়েছে, তাঁরা এলাকায় না থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

অন্যদিকে, ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর জানিয়েছেন, দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, চাঁপদানী পুরসভায় মোট ২২টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ছিল ২১ জন কাউন্সিলর এবং কংগ্রেসের একজন কাউন্সিলর। অধিকাংশ কাউন্সিলরের পদত্যাগের ফলে পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক ব্যবস্থা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande