
হুগলি , ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার পুরশুড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হুগলি চেম্বার অফ কমার্সের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল পুরশুড়ায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, শিল্পোদ্যোগী ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে এবং শিল্প ও বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
পুরশুড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, স্থানীয় বাজারের উন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখতে এ ধরনের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভায় উপস্থিত ব্যবসায়ীরাও বিভিন্ন দাবি ও প্রস্তাব মন্ত্রীর কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয়। সভাকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA