স্বামী ও দশ বছরের কন্যাকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য আমতলির মধুবনে
আগরতলা, ৯ জুলাই (হি.স.) : স্বামী এবং দশ বছরের কন্যা সন্তানকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে আমতলি থানাধীন মধুবন কাঁঠালতলি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম মল্লিকা কর্মকার রায়। জানা গেছে,
গৃহবধূ নিখোঁজ


আগরতলা, ৯ জুলাই (হি.স.) : স্বামী এবং দশ বছরের কন্যা সন্তানকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে আমতলি থানাধীন মধুবন কাঁঠালতলি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম মল্লিকা কর্মকার রায়।

জানা গেছে, পশ্চিম আনন্দনগর এলাকার বাসিন্দা জগদীশ কর্মকারের ছোট মেয়ে মল্লিকা কর্মকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে মধুবন কাঁঠালতলি এলাকার বাসিন্দা সফু রঞ্জন রায়ের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি দশ বছরের কন্যা সন্তান রয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকে স্বাভাবিকভাবেই সংসার চলছিল এবং দাম্পত্য জীবনে বড় ধরনের কোনও অশান্তি বা বিরোধের ঘটনা ছিল না।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মল্লিকা কর্মকার রায় শ্বশুরবাড়ি থেকে আইজিএম হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি তাঁর দেওরকে ফোন করে জানান, মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরলে যেন তাঁকে দেখে রাখা হয়। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মল্লিকা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। স্বামী সফু রঞ্জন রায় স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে বিষয়টি মল্লিকার বাবার বাড়ির সদস্যদের জানানো হয়।

মঙ্গলবার রাতভর স্বামী ও দুই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মল্লিকার কোনও সন্ধান পাননি। অবশেষে বুধবার সকাল পর্যন্ত কোনও খোঁজ না মেলায় স্বামী সফু রঞ্জন রায় এবং গৃহবধূর পিতৃপরিবারের সদস্যরা আমতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে নিখোঁজ গৃহবধূর বাবা জগদীশ কর্মকার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং দ্রুত মেয়েকে খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।

এদিকে অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ। গৃহবধূর নিখোঁজ হওয়ার পেছনে অন্য কোনও কারণ বা রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আমতলি থানাধীন মধুবন কাঁঠালতলি এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত মল্লিকা কর্মকার রায়ের সন্ধান পাওয়ার আশায় দিন গুনছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande