
শিলিগুড়ি, ৯ জুলাই (হি.স.): শহরের ঘোগোমালে ফল বাজারের কাছে চয়নপাড়া এলাকায় এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার তাঁর নিজের ঘর থেকেই দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম বিভা বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তারপর থেকে তিনি তাঁর মেয়ের সঙ্গেই ওই বাড়িতে থাকতেন। স্থানীয়দের দাবি, তাঁর মেয়ে মানসিক ভারসাম্যহীন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেয়েটি দীর্ঘক্ষণ তাঁর মাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায়। এরপর স্থানীয় বাসিন্দারা ঘরের ভেতরে গিয়ে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। দেহটি বেশ পুরোনো হওয়ায় তা পচতে শুরু করেছিল এবং শরীরে পোকাও লেগে গিয়েছিল।
পরিবারে অন্য কোনো সদস্য না থাকায় খবর পেয়ে ‘মুক্তধারা ফাউন্ডেশন’-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দেহটি উদ্ধার করে শেষকৃত্যের ব্যবস্থা করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি