
ট্রানজিট রিমান্ডে অভিযুক্তদের নিয়ে মধ্যপ্রদেশে রওয়ানা পুলিশ
বাজারিছড়া (অসম), ১ আগস্ট (হি.স.) : মধ্যপ্রদেশ থেকে ‘অপহৃত’ দুই তরুণীকে শ্রীভূমি জেলার অন্তৰ্গত বাজারিছড়া থানাধীন গোপালপুর গ্ৰাম থেকে উদ্ধার করেছে মধ্যপ্রদেশ ও আসাম পুলিশের যৌথ দল। এই ঘটনায় অপহরণকাণ্ডের মূল অভিযুক্ত দুই ভাই প্রণয় নাথ এবং সুদীপ নাথকে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে ট্রানজিট রিমান্ড মঞ্জুর হওয়ার পর অভিযুক্তদের নিয়ে মধ্যপ্রদেশের উদ্দেশে রওয়ানা দিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রণয় নাথ এবং সুদীপ নাথ কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পঞ্চকোণা গ্রামে বসবাস করতেন। অভিযোগ, সেখানকার বাসিন্দা শিবানী ও কৃষ্ণা নামের দুই তরুণীকে ‘প্রলোভন দেখিয়ে অপহরণ’ করে তারা অসমে নিয়ে আসে।
এ ঘটনায় মধ্যপ্রদেশের ঝাবুয়া থানায় দায়েরকৃত মামলা নম্বর ৬৮২/২৬-এর ভিত্তিতে পাঁচ সদস্যের এক পুলিশ দল শ্রীভূমি জেলায় আসে। পরে বাজারিছড়া থানার পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত দুই তরুণীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই ভাই প্রণয় নাথ ও সুদীপ নাথকে।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১৩৭(২) ধারায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পরে শ্রীভূমির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে মধ্যপ্রদেশ পুলিশের দল দুই অভিযুক্ত এবং দুই তরুণীকে নিয়ে নিজেদের রাজ্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
ঘটনা প্রসঙ্গে শ্রীভূমি জেলা অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ত্ৰিনয়ন ভূঞা জানান, মধ্যপ্রদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহায়তায় সফল অভিযান চালিয়ে দুই অপহৃত তরুণীকে উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া মধ্যপ্রদেশ পুলিশ সম্পন্ন করবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস