শিশু মৃত্যুকে ঘিরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পরিজনদের বিক্ষোভ
কৃষ্ণনগর, ১ আগস্ট (হি. স.): গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার কৃষ্ণনগর সদর হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখালেন প্রসূতির পরিজনেরা। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই গর্ভস্থ শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয
শিশু মৃত্যু


কৃষ্ণনগর, ১ আগস্ট (হি. স.): গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার কৃষ্ণনগর সদর হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখালেন প্রসূতির পরিজনেরা। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই গর্ভস্থ শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের কুলগাছির বাসিন্দা ১৯ বছরের অঙ্কিতা সাধুখাঁ গত মঙ্গলবার প্রসবের জন্য কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি হন। অঙ্কিতার মায়ের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর প্রথম তিন দিন তাঁকে কোনও খাবার দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর রক্তচাপও বেড়ে যায় বলে পরিবারের দাবি। শনিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক অঙ্কিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর এক নার্স এসে পরিবারকে জানান, গর্ভস্থ শিশুটির মৃত্যু হয়েছে। এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিজনেরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পরিবারের সদস্যদের ভিতরে ঢুকতে বাধা দেন। পরিবারের দাবি, সরকারি হাসপাতালের চিকিৎসার উপর আস্থা রেখেই অঙ্কিতাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসায় গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ। ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande