
কলকাতা, ১ আগস্ট (হি. স.): কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য ফের চালু হতে চলেছে রাত্রিকালীন বাস পরিষেবা। শনিবার পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে শহরতলির গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে আপাতত এই বাস পরিষেবা চালু করা হবে। রাতের সময়ে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।একসময় তৎকালীন পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে কলকাতা ও শহরতলিতে রাত্রিকালীন বাস পরিষেবা চালু হয়েছিল। তবে কিছুদিন চলার পর সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর ফের এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।পরিবহনমন্ত্রী জানান, রাতের সময়ে কর্মসূত্রে বা অন্যান্য প্রয়োজনে যাঁদের যাতায়াত করতে হয়, তাঁদের কথা বিবেচনা করেই এই পরিষেবা চালু করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলির সঙ্গে শহরতলির গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে বাস পরিষেবার মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন রুটে এবং কতগুলি বাস চলবে, সে বিষয়ে বিস্তারিত সূচি পরে জানানো হবে বলে জানা গিয়েছে।এদিকে, শহর ও শহরতলির বিভিন্ন এলাকার বেহাল রাস্তা নিয়েও মুখ খুলেছেন পরিবহনমন্ত্রী। তাঁর দাবি, যেসব রাস্তার অবস্থা খারাপ, সেগুলি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। রাস্তার সমস্যার দ্রুত সমাধান করে যান চলাচল স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।নতুন করে রাত্রিকালীন বাস পরিষেবা চালু হলে রাতের যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়