
দুর্গাপুর, ১ আগস্ট (হি. স.): দেওয়ালে সাঁটানো হিন্দু দেব-দেবীর ছবিতে থুতু ফেলা এবং প্রস্রাব করার মতো গুরুতর অবমাননার অভিযোগ। সেটাকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনা ছড়াল দুর্গাপুরের সিটিসেন্টারে। এই ঘটনার প্রতিবাদে এবং দেব-দেবীর ছবির অবমাননা রুখতে ছেনি-হাতুড়ি নিয়ে সরাসরি ময়দানে নামল বজরং দলের কর্মীরা। একের পর এক দেওয়াল থেকে দেব-দেবীর ছবি দেওয়া টাইলস খোদাই করে খুলে ফেলেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কিছু দেওয়ালে নোংরা ও যত্রতত্র আবর্জনা ফেলা রুখতে বিভিন্ন হিন্দু দেব-দেবীর ছবি দেওয়া টাইলস লাগানো হয়েছিল। অভিযোগ, কিছু অসামাজিক ও দুষ্কৃতী মানসিকতার মানুষ সেই ছবিগুলির উপরেই নিয়মিত থুতু ফেলছিল এবং প্রস্রাব করে আসছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় মানুষের একাংশের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে সরব হন। শনিবার রীতিমতো ছেনি হাতুড়ি নিয়ে ময়দানে নামেন বজরং দল। যত্রতত্র দেওয়ালে থাকা দেবদেবীর ছবির টাইলস, তুলে ফেলেন।এদিনের ঘটনা প্রসঙ্গে বজরং দলের নগর সভাপতি হরি শিলে জানান, বিষয়টি নিয়ে আগেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। প্রশাসনের অনুমতি পাওয়ার পরই এদিন ছবিগুলি খুলে ফেলার কাজ করা হয়। তাঁর অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন জায়গায় কোনও ধর্মীয় ছবি রাখা উচিত নয়।বজরং দলের পক্ষ থেকে এদিন স্পষ্ট জানানো হয়, আগামী দিনে দুর্গাপুরের কোথাও এমন দেব-দেবীর ছবির অবমাননা বরদাস্ত করা হবে না এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা