
জম্মু, ১ আগস্ট (হি.স.): টানা বৃষ্টি ও জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের (এনএইচ-৪৪) মেরামতির কাজ ব্যাহত হওয়ায় শনিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদমপুর জেলার লাধা-সমরোলি অংশে জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে। ফলে নতুন কোনও তীর্থযাত্রী দলকে কাশ্মীর উপত্যকার উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়নি।
গত সপ্তাহের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়া জাতীয় সড়ক মেরামতির জন্য শুক্রবার থেকেই উভয় দিকের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় রাস্তা কাদাময় ও অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছে, যার ফলে মেরামতির কাজও ব্যাহত হচ্ছে।
এদিকে, তীর্থযাত্রীর সংখ্যা কমে আসায় শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (এসএএসবি) তাওয়ি রিভারফ্রন্ট থেকে যাত্রার নিবন্ধন ও টোকেন বিতরণ কেন্দ্র সরিয়ে ভগবতী নগর বেস ক্যাম্পে স্থানান্তর করেছে। এখানেই অফলাইন নিবন্ধন, ই-কেওয়াইসি যাচাই এবং আরএফআইডি ইস্যুর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ ভক্ত দক্ষিণ কাশ্মীর হিমালয়ে অবস্থিত পবিত্র গুহা মন্দিরে প্রাকৃতিক বরফলিঙ্গ দর্শন করেছেন। আগামী ২৮ আগস্ট, রাখীপূর্ণিমার দিন এবারের অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য