
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): আরামবাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নেতাজি মহাবিদ্যালয় শনিবার ৭৮-তম বর্ষে পদার্পণ করল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাঘ।
এদিন তিনি জানান, এই অনুষ্ঠানে তিনি শুধুমাত্র এলাকার বিধায়ক হিসেবেই নয়, একজন গর্বিত প্রাক্তন ছাত্র হিসেবেও উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। নিজের ছাত্রজীবনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, নেতাজি মহাবিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, আরামবাগের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক, সেই শুভকামনাও ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ চত্বরে ছিল উৎসবের আবহ। প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। কলেজের দীর্ঘ ৭৮ বছরের গৌরবময় পথচলাকে স্মরণ করে নানা কর্মসূচিরও আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA