
ঝাড়গ্রাম, ১ আগস্ট (হি.স.) : প্রায় তিন বছর আগের একটি মারধরের মামলায় পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর প্রসাদ দে-কে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। শনিবার তাঁকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে গোপীবল্লভপুর-২ ব্লকের বেলিয়াবেড়া থানার রামগড় এলাকায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে শংকর প্রসাদ দে-র নাম উঠে আসে। এরপরই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।
শংকর প্রসাদ দে বর্তমানে পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। মামলার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তদন্তকারী আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো