
নুহ, ১ আগস্ট (হি.স.): হরিয়ানা প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় দত্ত এবং প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রাও নরেন্দ্র সিং শনিবার নুহ জেলার খেড়লা গ্রামের কমিউনিটি সেন্টারে দলের নেতা, পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির একাধিক প্রবীণ নেতাও উপস্থিত ছিলেন। বৈঠকস্থলে পৌঁছনোর পর সঞ্জয় দত্ত ও রাও নরেন্দ্র সিংকে দলীয় কর্মীরা ফুলের মালা দিয়ে স্বাগত জানান।
বৈঠকে সংগঠন মজবুত করা, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, জনসাধারণের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মীদের মতামত ও পরামর্শও নেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাও নরেন্দ্র সিং জানান, সঞ্জয় দত্ত হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর প্রথমে চণ্ডীগড়ে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সাংসদ, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতি এবং দলের প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনা হয়। এরপর যারা চণ্ডীগড়ের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের সঙ্গে জেলা স্তরে গিয়ে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, ১৯ জুলাই থেকে পঞ্চকুলা, যমুনানগর, আম্বালা, কুরুক্ষেত্র এবং করনালে সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ হরিয়ানার ফরিদাবাদ, পালওয়াল ও নুহে বৈঠক করা হচ্ছে। এরপর রেওয়ারি ও গুরগাঁওতেও কর্মসূচি হবে। চলতি মাসের মধ্যেই রাজ্যের সমস্ত জেলায় সাংগঠনিক বৈঠক শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
রাও নরেন্দ্র সিং বলেন, দলের লক্ষ্য হল গ্রাম থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও বিহারের পর হরিয়ানাতেও বিপুল সংখ্যক ভোটারের নাম প্রভাবিত হয়েছে। এই বিষয় নিয়ে আগামী ৮ আগস্ট সোনিপতে রাজ্যস্তরের কর্মশালার আয়োজন করবে কংগ্রেস। সেখানে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা অংশ নেবেন।
তিনি আরও জানান, প্রবীণ নেতাদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর অধীনে বিধায়ক আফতাব আহমেদকে নুহ ও আম্বালা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য প্রবীণ নেতাদেরও রাজ্যের বিভিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।
রাও নরেন্দ্র সিং বলেন, কংগ্রেসের লক্ষ্য হল সমস্ত যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় নিশ্চিত করা এবং নতুন ভোটারদেরও তালিকাভুক্ত করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য