
তিরুবনন্তপুরম, ১ আগস্ট (হি.স.) : কেরলমের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির জেরে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কেরলম স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট ) স্থগিত করা হয়েছে। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এলবিএস সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের একাধিক জেলায় প্রবল বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সংশোধিত দিনক্ষণ পরে পৃথকভাবে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নিবন্ধিত পরীক্ষার্থীদের নিয়মিত সংস্থার সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেরলম সরকারের সাধারণ শিক্ষা দফতরের অধীনে এলবিএস সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পরীক্ষা পরিচালনা করে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। ১৭ এপ্রিল ২০২৬-এ সরকারি অনুমোদনের ভিত্তিতে জুলাই ২০২৬-র পরীক্ষার বিজ্ঞপ্তি ও প্রসপেক্টাস প্রকাশ করা হয়েছিল এবং ২ আগস্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে বর্তমান দুর্যোগ পরিস্থিতির কারণে সেই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য