
কলকাতা, ১ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি ২০২৭-এর জনগণনায় রাজ্যের সমস্ত নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি বলেন, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি, যার মাধ্যমে দেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই উন্নত পরিকল্পনা গ্রহণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, জনপরিষেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
রাজ্যপাল জানান, এবারই প্রথমবার পরিবারগুলির জন্য ডিজিটাল 'সেলফ-এনিউমারেশন' বা স্ব-গণনার সুবিধা নিয়ে আসা হয়েছে। এর সাহায্যে সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন, যা সমগ্র জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
তিনি আরও জানান যে, তিনি ইতিমধ্যেই নিজের ডিজিটাল স্ব-গণনা সম্পন্ন করেছেন। রাজ্যপাল রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আহ্বান জানান যেন তাঁরা se.census.gov.in পোর্টালে গিয়ে নিজেদের স্ব-গণনা দ্রুত সম্পন্ন করেন, সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করেন এবং নিজেদের স্ব-গণনা সনাক্তকরণ নম্বরটি সুরক্ষিত রাখেন। এর পাশাপাশি নির্ধারিত সময়ে বাড়ি বাড়ি আসা জনগণনা কর্মীদের সম্পূর্ণ সহযোগিতা করার জন্যও তিনি আপামর রাজ্যবাসীর প্রতি অনুরোধ জানান।
রাজ্যপাল উল্লেখ করেন যে, নাগরিকদের এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মানুষের চাহিদা অনুযায়ী আরও উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা যাবে, যা পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার এই জাতীয় অভিযানে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি