
তিরুবনন্তপুরম, ১ আগস্ট (হি.স.): টানা অতিবৃষ্টির জেরে কেরলমের পাথানামথিট্টা জেলার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা হড়পা বানে পাম্বা নদীর জলস্তর দ্রুত বেড়ে গিয়ে রানি শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ জোরদার করতে জেলা প্রশাসন অতিরিক্ত নৌকা মোতায়েন করেছে এবং বিভিন্ন দফতরের সমন্বয়ে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।
পাথানামথিট্টার পুলিশ সুপার আনন্দ আর জানান, রানি শহরের বেশ কয়েকটি রাস্তায় জল ঢুকে পড়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথের ব্যবস্থা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দমকল ও রাজস্ব দফতরের সঙ্গে যৌথভাবে বিশেষ উদ্ধারকারী দল কাজ করছে। নিরাপত্তার স্বার্থে কাউকেই পাম্বা নদীর ধারে যেতে দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান।
এদিকে, পরিস্থিতি নিয়ে ভারতীয় আবহাওয়া দফতরের বিজ্ঞানী নীথা কে. গোপাল স্পষ্ট করেছেন, এটি মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবর্স্ট) নয়। তাঁর কথায়, অল্প সময়ের মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ায় বিপুল পরিমাণ জল জমে যায় এবং মধ্য কেরলমের প্রায় সব নদীর জলস্তর দ্রুত বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত সন্ধ্যার পর থেকে রাতভর এবং ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হওয়াতেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার, অপ্রয়োজনীয়ভাবে জলমগ্ন এলাকা ও নদীর ধারে না যাওয়ার আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য