
কলকাতা, ১ আগস্ট (হি.স.): তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া একটি বিশেষ বার্তাকে সমর্থন জানিয়ে তা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
লকেট চট্টোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, অপমান বা গালাগালি কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। যারা বিভ্রান্ত, তাদের সঠিক পথ দেখানো উচিত। আসুন, আমরা সবাই মিলে কাজ করি। আসুন, আমরা ভারতের জন্য কাজ করি।
প্রধানমন্ত্রীর এই বার্তাকে ইতিবাচক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের এক অনন্য উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, মতপার্থক্য রাজনীতির অংশ হতে পারে, কিন্তু সংলাপ এবং রাষ্ট্রহিত সর্বদা সর্বাগ্রে থাকা উচিত। প্রধানমন্ত্রীর এই বক্তব্য এবং লকেটের সমর্থনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি সমর্থকরা এটিকে প্রধানমন্ত্রীর উদারতা ও ইতিবাচক চিন্তাভাবনার প্রতীক হিসেবে বর্ণনা করছেন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান তোলার একটি ঘটনা সামনে আসে। এর পরই প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক আবেগপূর্ণ বার্তা দেন। তিনি জানান, কুৎসা বা অপমান কোনো পথ হতে পারে না, বরং পথভ্রষ্টদের সঠিক দিশা দেখানোই আসল দায়িত্ব। সেই বার্তাই লকেট চট্টোপাধ্যায় পুনরায় তুলে ধরে সমর্থন জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি