
মাইবাং (অসম), ১ আগস্ট (হি.স.) : অসম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় ৩.০-এর ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম কিস্তি বিতরণ উপলক্ষ্যে আজ শনিবার ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবঙের দিশ্রু সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে এক লাইভ সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও উপভোক্তারা লাইভ সম্প্রচারের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার ভাষণ শোনেন।
অরুণোদয় ৩.০ অসম সরকারের একটি অন্যতম প্রধান জনকল্যাণমূলক প্রকল্প, যার মূল লক্ষ্য যোগ্য পরিবারের মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর ও আরও সক্ষম করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটানো, পারিবারিক কল্যাণ বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের আধিকারিক, অরুণোদয় প্রকল্পের উপভোক্তা এবং এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন।
তাঁরা মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার পাশাপাশি অরুণোদয় ৩.০-এর উন্নত সংস্করণের অধীনে প্রথম কিস্তি বিতরণের আনুষ্ঠানিক সূচনার লাইভ সম্প্রচার প্রত্যক্ষ করেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব