
শান্তিপুর, ১ আগস্ট (হি. স.): রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে হানা দিয়ে চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘরের তালা ভেঙে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগর উত্তরপাড়া এলাকায়।শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা গৃহবধূ লিপিকা বিশ্বাসের স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। দু’দিন আগে সন্তানদের নিয়ে তিনি ভীমপুরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে ফোনে বাড়িতে চুরির খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন তিনি। বাড়িতে ঢুকে দেখেন, ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে ঢুকে দেখা যায়, গোটা ঘর লন্ডভন্ড। আলমারি ও বাক্সের তালা ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। লকারে রাখা সোনা ও রুপোর অলংকার এবং টাকা ভর্তি একটি ভান্ডার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।গৃহবধূর দাবি, প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। একই রাতে পাশের আরও একটি বাড়ির তালা ভেঙে ঢোকে চোরেরা। তবে সেখানে উল্লেখযোগ্য কিছু না থাকায় তারা কিছু না নিয়েই চলে যায়। অন্য একটি বাড়িতে ঢোকার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়