
খড়গপুর, ১ আগস্ট (হি.স.): রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি -তে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর বিভাগ। হাওড়া এবং রূপসার মধ্যে তিন জোড়া বিশেষ মেমু ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এই বিশেষ ট্রেনগুলি চলতি আগস্ট মাসের নির্দিষ্ট কয়েকটি তারিখে নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।রেল সূত্রে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮০০১ এবং ০৮০০৩ নম্বর হাওড়া-রূপসা বিশেষ ট্রেন দুটি হাওড়া থেকে যথাক্রমে সন্ধ্যা ৬:০০ টা এবং রাত ১১:৫৫ মিনিটে ছাড়বে। ট্রেন দুটি যথাক্রমে রাত ১০:৪০ মিনিট এবং পরদিন সকাল ৫:৩৫ মিনিটে রূপসা পৌঁছাবে। এই দুটি ট্রেন আগস্টের ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১২ এবং ১৩ তারিখে চলাচল করবে।
অন্যদিকে, ০৮০০৫ নম্বর ট্রেনটি হাওড়া থেকে সকাল ৮:৩০ মিনিটে রওনা দিয়ে দুপুর ১:০০ টায় রূপসা পৌঁছাবে। এই বিশেষ ট্রেনটি আগস্ট মাসের ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখে চালানো হবে।
ফিরতি পথে, ০৮০০২ নম্বর রূপসা-হাওড়া বিশেষ ট্রেনটি রূপসা থেকে দুপুর ১২:৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৫:২০ মিনিটে হাওড়া পৌঁছাবে। ০৮০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪:২৫ মিনিটে ছেড়ে রাত ৯:১০ মিনিটে এবং ০৮০০৬ নম্বর ট্রেনটি রাত ৮:২০ মিনিটে রূপসা থেকে ছেড়ে পরদিন রাত ১:০০ টায় হাওড়া স্টেশনে পৌঁছাবে। এই তিনটি ট্রেনই আগস্টের ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ তারিখে পরিষেবা দেবে। যাত্রা পথে ট্রেনগুলির মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর এবং জলেশ্বর স্টেশনে স্টপেজ থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি