
তিরুবনন্তপুরম, ১ আগস্ট (হি.স.): প্রবল বর্ষণের পূর্বাভাসে শনিবার কেরলমের আটটি জেলায় লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
পাথানামথিট্টা, কোট্টায়ম, ইডুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কান্নুর ও কাসারগোড় জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। এর্নাকুলাম ও ত্রিশূরে কমলা সতর্কতা এবং তিরুবনন্তপুরম, কোল্লাম ও আলাপ্পুঝায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ গুজরাট উপকূল থেকে উত্তর কেরলম উপকূল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই ভারী বৃষ্টিপাত হচ্ছে। লাল সতর্কতাপ্রাপ্ত জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এদিকে কোঝিকোড়, কান্নুর ও কাসারগোড় উপকূলে উচ্চ ঢেউ এবং উপকূল ভাঙনের আশঙ্কা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেরলম , কর্ণাটক ও লক্ষদ্বীপ উপকূলে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসন উপকূলবর্তী বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য