
জম্মু, ১ আগস্ট (হি.স.): প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার জম্মু ও কাশ্মীরের ডোডা, কিস্তওয়ার এবং রামবান জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির ফলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় পাথর গড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। শিক্ষার্থী ও স্কুলকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিস্তওয়ার জেলার জারি করা নির্দেশে বলা হয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা ঝুঁকিপূর্ণ। একই ধরনের নির্দেশ জারি করেছে ডোডা ও রামবান জেলা প্রশাসনও।
তবে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপযুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিস্তওয়ারের মুখ্য শিক্ষা আধিকারিক জানিয়েছেন, অনলাইন ক্লাসের মাধ্যমে যাতে পড়াশোনায় কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে চেনাব উপত্যকার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতরও ওই অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য