
কলকাতা, ১ আগস্ট (হি.স.): বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে শনিবার নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় কলকাতায় রবীন্দ্র সদনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমার হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। এ রাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি মানুষের আছে এবং সেটি রক্ষা করা হবে। তিনি বলেন, তসলিমা নাসরিন যতবার খুশি কলকাতায় আসতে পারেন, তাঁর নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে তিনি সবসময় তিনি নেবেন।
রাজ্যের অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত বলেন, যে পরিস্থিতিতে তসলিমাকে কলকাতা ছেড়ে যেতে হয়েছিল সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন আর না হয়। তসলিমাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, তথাগত রায়, শাশ্বতি ঘোষ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মোহিত রায় প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর দিয়ে বলেন, নতুন সরকারের আমলে বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্স্বাধীনতা এবং মৌলিক অধিকার সুরক্ষিত। আমাদের হুমকি দেওয়া, আটকানো বা বাধা দেওয়ার কোনও অবকাশ নেই; সেসব এখন অতীত। আপনি একজন লেখক; সবাই আপনার লেখা পড়েন এবং আপনার পাঠকসংখ্যাও বিশাল। আপনি এখানে চমৎকার বক্তব্য রাখেন এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ব্যবস্থার পরিবর্তন লক্ষ্য করেছেন। যখনই মনে করবেন আসতে পারেন, সবসময়ই এই নিরাপদ পশ্চিমবঙ্গে চলে আসবেন। আপনার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়িত্ব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ