
তিরুবনন্তপুরম, ১ আগস্ট (হি.স.): প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। শনিবার রাজ্যের ইডুক্কি ও কোট্টায়ম জেলায় একাধিক ভূমিধসের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চলছে। ভূমিধস ও জলাবদ্ধতার জেরে একাধিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইডুক্কি জেলার কুডায়াথুরের আদুরমালায় ভূমিধসে বাড়ি চাপা পড়ে সুমতি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বাড়িতে থাকা আরও দু'জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভাগামনের কোলাহালামেডু এলাকায় আত্মীয়ের বাড়িতে ভূমিধসে আটকে পড়ে প্রাণ হারান বৈকোমের বাসিন্দা ৭২ বছর বয়সি প্রভাকরণ নায়ার।
অন্যদিকে, কোট্টায়ম জেলার পুঞ্জার থেক্কেকারা এলাকায় ভূমিধসে একটি বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় ২৪ বছর বয়সি জোসেফিন জনির। তাঁর মা রেজিনা এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁকে উদ্ধারে তৎপর উদ্ধারকারী দল।
প্রবল বৃষ্টিতে ইদুক্কি ও কোট্টায়মের একাধিক এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপ্পুথারায় ভূমিধসে একটি পুলিশ জিপ মাটিচাপা পড়লেও, তার আগে পুলিশকর্মীরা নেমে যাওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ভাগামন-ইরাট্টুপেট্টা সড়ক-সহ একাধিক রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রশাসন ছয়টি ত্রাণশিবির খুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য