
শিলিগুড়ি, ১ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১৬তম জনগণনার প্রক্রিয়া। এবারের গণনাকার্যকে আরও আধুনিক ও সহজ করার লক্ষ্যে প্রথম পর্যায়ে সাধারণ মানুষকে ঘরে বসেই অনলাইনে নিজেদের তথ্য জমা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে শিলিগুড়িতে রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ নিজের মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ‘সেলফ-এনিউমারেশন’ বা স্ব-গণনা সম্পন্ন করে এই অভিযানের সূচনা করেন।
শনিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক ও কর্মীরা মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে এই ডিজিটাল প্রক্রিয়ার সমস্ত প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে অবহিত করেন। এরপর মন্ত্রী শঙ্কর ঘোষ নিজের মোবাইল ব্যবহার করে নির্দিষ্ট পোর্টালে নিজের এবং পরিবারের যাবতীয় প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী বলেন, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি, যা দেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য সঠিক এবং নিখুঁত পরিসংখ্যান অত্যন্ত জরুরি।
এ সময় তিনি সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, কেবল নিজেদের ফরম পূরণ করাই যথেষ্ট নয়, বরং পরিবারের প্রবীণ সদস্য, প্রতিবেশী এবং প্রযুক্তিতে যারা দক্ষ নন, তাঁদেরও এই কাজে সাহায্য করা উচিত। সকলের যৌথ সহযোগিতাতেই এই বিপুল কর্মযজ্ঞ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। কেন্দ্র সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ ভাবনার অংশ হিসেবে গ্রহণ করা এই পদক্ষেপ প্রক্রিয়ায় গতি আনার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি