
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): পুরশুড়া বিধানসভার জঙ্গলপাড়ায় জঙ্গলপাড়া বগলাচরণ কুণ্ডু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক। তিনি বলেন, রক্তদান এমন একটি মহৎ মানবিক কাজ, যার মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই সমাজের প্রতিটি সুস্থ ও সচেতন মানুষের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।
এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাঁদের এই মানবিক উদ্যোগকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।
বিধায়ক বিমান ঘোষ বলেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। রক্তদান শিবিরের মতো সামাজিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং জরুরি মুহূর্তে অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সকল আয়োজক, রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA