
আগরতলা, ১ আগস্ট (হি.স.) : বর্তমান সময়ে ক্লাবগুলি সমাজে সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্লাবগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার রাজধানী আগরতলায় ঐতিহ্যবাহী এগিয়ে চলো সংঘ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন।
অন্যান্য বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও রক্তদান শিবিরের আয়োজন করে এগিয়ে চলো সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক, স্থানীয় কর্পোরেটর, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের উদ্বোধন করেন এবং স্বেচ্ছায় রক্তদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একসময় রাজ্যে ক্লাব সংস্কৃতি নিয়ে মানুষের মধ্যে ভয় ও নেতিবাচক ধারণা ছিল। অনেক ক্লাবই সমাজসেবার পরিবর্তে এলাকা দখল, প্রভাব বিস্তার এবং সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। অস্ত্রের ঝনঝনানি ও অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে ভদ্র সমাজের নাগরিকরা ক্লাবে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।
তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে ক্লাবগুলি সমাজসেবা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। এখন মহিলারাও ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্ম বা ‘জেন-জি’ অতীতের সেই অস্থির ক্লাব সংস্কৃতির অভিজ্ঞতা জানে না। তাই নতুন প্রজন্মকে জানাতে হবে অতীতে ক্লাবগুলির অবস্থা কী ছিল এবং আজকের ইতিবাচক পরিবর্তন কীভাবে এসেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখনও কিছু অসৎ শক্তি অতীতের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এগিয়ে চলো সংঘের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, শুধু রক্তদান শিবির নয়, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ক্লাবটি দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। এই ধরনের উদ্যোগ অন্য ক্লাবগুলির কাছেও অনুকরণীয় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী এগিয়ে চলো সংঘের সভাপতি, সম্পাদক, সদস্য-সদস্যা এবং এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত হিসেবে স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ উদ্যোগে আরও বেশি সংখ্যক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ