জমির আল নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির মৃত্যু, উত্তেজনা গোঘাটে
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): জমির আল বাঁধাকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের আনুর এলাকায়। মৃতের নাম শ্যামল দে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির আল নিয়ে প্রতিবেশীদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় শ্
উত্তেজিত গ্রামবাসীকে সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী


আরামবাগ , ১ আগস্ট (হি.স.): জমির আল বাঁধাকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের আনুর এলাকায়। মৃতের নাম শ্যামল দে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির আল নিয়ে প্রতিবেশীদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় শ্যামল দে-কে মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে কোতুলপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার আরামবাগ থেকে কলকাতায় স্থানান্তর করা হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় সুশান্ত মণ্ডল ও তাঁর ছেলে জয়ন্ত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। সেই সময় জনতার একাংশ পুলিশের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং কটূক্তি করেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন। পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande