
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): বর্ষাকে সামনে রেখে জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে তৎপর হয়েছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিনের জল জমার সমস্যার সমাধানে শনিবার এলাকায় ড্রেন নির্মাণ ও নতুন কালভার্ট বসানোর কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, রাজ্য সরকারের প্রথম অধিবেশনে কামারপুকুরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হলেও এখনও সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি। তবে প্রশাসনিক স্তরে এলাকার পরিকাঠামোগত উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে।
শনিবার কামারপুকুরের হাটতলা এলাকায় নতুন ড্রেন নির্মাণ এবং একটি কালভার্ট বসানোর কাজের সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন। তিনি জানান, বর্ষার সময় যাতে এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও এলাকার নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বৃষ্টির জল জমে যাতায়াতে সমস্যার সৃষ্টি হতো। নতুন ড্রেন ও কালভার্ট নির্মিত হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে তাঁদের আশা।
গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, বর্ষার আগে বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সংস্কার ও পরিষ্কারের কাজ পর্যায়ক্রমে চালানো হবে, যাতে অতিবৃষ্টির সময় জল জমে জনজীবন ব্যাহত না হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA