
আরামবাগ , ১ আগস্ট (হি.স.):সারা দেশে শুরু হয়েছে জনগণনার স্ব-গণনা (সেলফ এনিউমারেশন) কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার খানাকুল–২ নম্বর ব্লকে উপস্থিত থেকে নিজের তথ্য নিজেই অনলাইনে নথিভুক্ত করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
এদিন তিনি প্রশাসনের উপস্থিতিতে স্ব-গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের উদ্দেশে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সঠিক জনসংখ্যার তথ্য সংগ্রহ এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিকের নির্ভুল তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিধায়ক সুশান্ত ঘোষ সকলের কাছে আবেদন জানান, প্রত্যেকে যেন নিজের এবং পরিবারের সঠিক তথ্য নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে নথিভুক্ত করেন। এতে জনগণনার কাজ আরও স্বচ্ছ, দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হবে এবং সরকারি বিভিন্ন পরিকল্পনা ও পরিষেবা মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র একটি সরকারি প্রক্রিয়া নয়, এটি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদান করা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA