দোকান ছাড়ার নোটিশে ধর্মনগর মৎস্য বাজারে তীব্র ক্ষোভ
ধর্মনগর (ত্রিপুরা), ১ আগস্ট (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নতুন মৎস্য বাজারে পুরাতন মাছ ব্যবসায়ীদের দোকান ছেড়ে দেওয়ার নির্দেশকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে বাজারে ব্যবসা করে আসা একাধিক মৎস্
ধর্মনগর মাছ বাজার


ধর্মনগর (ত্রিপুরা), ১ আগস্ট (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নতুন মৎস্য বাজারে পুরাতন মাছ ব্যবসায়ীদের দোকান ছেড়ে দেওয়ার নির্দেশকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে বাজারে ব্যবসা করে আসা একাধিক মৎস্য ব্যবসায়ী অভিযোগ করেছেন, হঠাৎ করেই নতুন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাঁদের দোকান বা ব্যবসার ভিটে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে তাঁদের ভবিষ্যৎ ও জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, শুক্রবার নতুন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মৌখিকভাবে এবং নোটিশের মাধ্যমে তাঁদের দ্রুত ব্যবসার স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁরা জানতে পারেন, পার্শ্ববর্তী অসম রাজ্য এবং ত্রিপুরার কিছু নতুন মাছ ব্যবসায়ীকে বাজারে দোকান বরাদ্দ দেওয়ার উদ্দেশ্যেই দীর্ঘদিনের ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শনিবার বহু ব্যবসায়ী স্বাভাবিক ব্যবসা বন্ধ রেখে নতুন ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য, বছরের পর বছর ধরে এই বাজার থেকেই তাঁদের পরিবার-পরিজনের ভরণপোষণ চলে আসছে। হঠাৎ করে দোকান ছেড়ে দিতে বাধ্য করা হলে তাঁরা চরম আর্থিক সংকটে পড়বেন।

জনৈক ব্যবসায়ী বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে আমরা এখানে ব্যবসা করছি। এই দোকানই আমাদের একমাত্র রুজি-রুটির ভরসা। কোনও কারণ ছাড়াই যদি আমাদের উচ্ছেদ করা হয়, তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

প্রতিবাদী ব্যবসায়ীরা আরও দাবি করেন, নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়ার নামে পুরাতন ব্যবসায়ীদের অধিকার খর্ব করা হচ্ছে। তাঁরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং পূর্বের মতো তাঁদের ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দীর্ঘদিনের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর নতুন মৎস্য বাজারে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande