
অমরাবতী, ১২ আগস্ট (হি.স.): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই -এর গুরুত্ব বাড়ছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। ভবিষ্যতের কর্মক্ষেত্রের কথা মাথায় রেখে এবার স্নাতক স্তরের সমস্ত কোর্সে এআই শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল সন্ত গাডগেবাবা অমরাবতী বিশ্ববিদ্যালয়। মহারাষ্ট্রে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয় তাদের সব স্নাতক কোর্সে এআই -কে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিলিন্দ বারহাতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত স্নাতক কোর্সের পঞ্চম সেমেস্টারে এআই একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীন সমস্ত কোর্সের পড়ুয়ারাই এই বিষয়ের আওতায় আসবেন।
উপাচার্যের বক্তব্য, ভবিষ্যতে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে। তাই পড়াশোনার পর কর্মজীবনে প্রবেশের আগে পড়ুয়াদের এআই সম্পর্কে প্রয়োজনীয় ধারণা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ের পরীক্ষা সংশ্লিষ্ট কলেজগুলিই নেবে। পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত গ্রেড তাঁদের মার্কশিটেও উল্লেখ করা হবে।
এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন উপাচার্য ড. বারহাতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য