
কল্যাণী, ১৪ অগস্ট (হি.স.) :নতুন শ্রমবিধিকে কেন্দ্র করে অস্থায়ী শ্রমিকদের অসন্তোষের জেরে শুক্রবার প্রায় চার ঘণ্টা বন্ধ রইল কল্যাণীর ফরেন লিকার ‘এবি’ ইউনিটের কাজকর্ম। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই ইউনিটে কর্মরত প্রায় ১০০ থেকে ১৫০ জন অস্থায়ী শ্রমিক এদিন সকালে ভারতীয় মজদুর সংঘের পতাকা হাতে কারখানার মূল ফটকের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হন।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, এতদিন তাঁদের মৌখিক ভিত্তিতে কাজে রাখা হলেও সম্প্রতি নতুন শ্রমবিধি কার্যকর হওয়ার পর সংস্থার পক্ষ থেকে নিয়োগপত্র বা ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ দেওয়া শুরু হয়েছে। কিন্তু সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংস্থার প্রয়োজনে যেকোনো সময় অস্থায়ী শ্রমিকদের অন্য ইউনিটে স্থানান্তর (ট্রান্সফার) করা হতে পারে। এই শর্তটি ঘিরেই মূলত আপত্তি জানিয়েছেন শ্রমিকরা।
শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতে কোনো কারণে যদি এবি ইউনিট বন্ধ হয়ে যায়, তবে অন্যত্র কাজ করতে তাঁদের আপত্তি নেই। কিন্তু কোনো উপযুক্ত কারণ ছাড়া ইচ্ছেমতো স্থানান্তর করা হলে তা তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। তাঁদের আশঙ্কা, এই শর্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
শুক্রবার সকাল থেকে মূল গেট আটকে এই বিক্ষোভ চলায় কারখানার স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ ব্যাহত হয়। টানা চার ঘণ্টা অচলাবস্থা চলার পর অবশেষে কারখানা কর্তৃপক্ষের তরফে ইতিবাচক আশ্বাস মিললে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে শ্রমিকদের এই অভিযোগ ও বিক্ষোভ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়