
কলকাতা, ১৪ আগস্ট (হি. স.) : স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিশু-কিশোরদের সৃজনশীলতা, প্রতিভা ও দেশাত্মবোধকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো প্রদেশ যুব কংগ্রেসের অষ্টম মেগা ‘বসে আঁকো’ প্রতিযোগিতা। শুক্রবার রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আকিব গুলজারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি ঘিরে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্বাধীনতার চেতনা, দেশের প্রতি ভালোবাসা এবং কল্পনাশক্তিকে রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীরা তাদের ক্যানভাসে নানা সৃজনশীল ভাবনা ও প্রতিভার প্রকাশ ঘটায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা সুদৃঢ় করতে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে এমন কর্মসূচিকে সফল করে তুলতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। স্বাধীনতা দিবসের আবহে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিধান ভবন প্রাঙ্গণে উৎসবের পরিবেশ তৈরি হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত