
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর জুলাই মাসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশকে গেরুয়া রং করা হয়েছিল। এই নিয়ে বিতর্ক কম হয়নি। এর তীব্র নিন্দা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। মঙ্গলবার ভবনের গেরুয়া রং নিজেরাই বদলে সাদা করে দিলেন বাম শিল্পী ও কলাকুশলীরা। ২৪ ঘণ্টার মধ্যে, বুধবার সাদা দেওয়ালে পড়ল গেরুয়া প্রলেপ।
শমীকবাবু মুখে অ্যাকাডেমির রংবদলের বিরোধিতা করলেও এবং বিতর্কের পরেও প্রশাসনের তরফে রং পরিবর্তনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই মঙ্গলবার নাট্যব্যক্তিত্ব চন্দন সেন-সহ অন্যরা
ঘটনাস্থলে উপস্থিত থেকে গেরুয়া রঙ মুছে দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে হাজির ছিলেন হেস্টিংস থানার পুলিশ।
বুধবার ফের রংবদল অভিযানে নেতৃত্ব দেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “আকাডেমিতে কোনওমতে রাজনীতিকরণ চাই না। এখানে আর কোনও সিটুর স্লোগান চলবে না। আর লালঝান্ডা উড়বে না।” সেই সঙ্গে প্রবীণ বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ধরে তুলোধোনা করেন রুদ্রনীল।
পালটা বিকাশবাবুর মন্তব্য, “রুদ্রনীল বাবুরা হামলা করতেই পারেন, এর পরিণতি কী হবে তা বুঝতে পারছেন না। ক্ষমতায় আসার পর অসভ্যতা করছে। মাথায় ক্ষমতা ঢুকলে বুদ্ধি হারিয়ে যায়। ওরা নাটক ছাড়া কিছু বোঝেন না। যেটা করছেন ঠিক করছেন না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত