
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় রাত দখলের ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন পুরমন্ত্রী।
নারী নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং রাতের শহরে মহিলাদের উপস্থিতির বার্তা সামনে রেখেই এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের মহিলাদের তিনি মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
নারী নিরাপত্তা নিয়ে নিজের বক্তব্যে অগ্নিমিত্রা বলেন, “আগের সরকার থাকাকালীন নারী নির্যাতনের বহু ঘটনা দেখেছি আমরা। কখনও মেয়েদের পোশাক, রাস্তায় বেরনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা কী পরবো, কী পরবো না। কখন বেরবো, কখন নয়। তা ঠিক করার সিদ্ধান্ত কারোর নেই। আগের মুখ্যমন্ত্রীও অনেক সময় মেয়েদের এসব বলে অপমান করেছেন। এখন আর এসব চলবে না।” তাঁর বক্তব্যে মূলত নারীদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং নিরাপত্তার প্রশ্নটিই গুরুত্ব পেয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত