
কলকাতা, ১১ আগস্ট (হি.স.): গ্রামীণ এলাকায় বাড়িতে কতগুলি ঘর রয়েছে, সেই সংক্রান্ত যে নিয়ম অন্নপূর্ণা যোজনায় ছিল, তা শিথিল করা হচ্ছে। বুধবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা জানান। ফলত, আগামী মাস থেকে আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা এই যোজনার সুবিধা পাবেন বলে জানান।
জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ করা শুরু হয়েছিল। একদিকে, অফলাইনে আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন গ্রহণ হয়। অন্য দিকে, অনলাইন পোর্টালের মাধ্যমেও আবেদন গ্রহণ শুরু হয়েছিল।
আবেদনপত্র পূরণের সময়ে জানানো হয়েছিল, গ্রামীণ এলাকায় আবেদনকারীর পরিবারের বাড়িতে তিনটি ঘর থাকলে, তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। সেই নিয়ম শিথিল করা হচ্ছে।
ফলে গ্রামীণ এলাকায় এই প্রকল্পের সুবিধা অনেকেই পাবেন।
প্রসঙ্গত, সব মিলিয়ে এক কোটি ৭০ লক্ষের বেশির আবেদন জমা পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু হয়। এর পরে কারা এই প্রকল্পের যোগ্য প্রাপক, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয় নারী ও শিশু কল্যাণ দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত