বাসে আগুন, দুই অভিযুক্ত গ্রেফতার
জোধপুর, ১২ আগস্ট (হি.স.) : রাজস্থানের রাজীব গান্ধী নগর থানা এলাকায় দুটি বেসরকারি বাসে আগুন লাগানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনেরই পূর্বে অপরাধের রেকর্ড রয়েছে। তাঁদের মধ্যে একজনের সন্ধান দিতে পারলে ফলৌদি জেলা পুলিশ ১০ হাজা
বাসে আগুন: দুই দাগি অপরাধী গ্রেফতার


জোধপুর, ১২ আগস্ট (হি.স.) : রাজস্থানের রাজীব গান্ধী নগর থানা এলাকায় দুটি বেসরকারি বাসে আগুন লাগানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনেরই পূর্বে অপরাধের রেকর্ড রয়েছে। তাঁদের মধ্যে একজনের সন্ধান দিতে পারলে ফলৌদি জেলা পুলিশ ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাতে চৌপাসনি গ্রাম ও কায়লানার কাছে দুটি বেসরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাসের মালিক মহিপাল সিং শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বাস দুটিতে আগুন লাগানোর অভিযোগ তুলে রাজীব গান্ধী নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছিল।

রাজীব গান্ধী নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রপাল সিং জানান, তদন্তের সূত্র ধরে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে খেড়াপা এলাকার গিংগালা গ্রামের বাসিন্দা ভূপেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে। ফলৌদি জেলার বিভিন্ন মামলায় তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ১০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৭টি মামলা নথিভুক্ত রয়েছে। অন্য ধৃত ব্যক্তি জয়সলমের জেলার মোহনগড় এলাকার সাতাপাড়া গ্রামের বাসিন্দা হীরসিং। তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৭টি মামলা নথিভুক্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট দুটি বাসে আগুন লাগানোর ঘটনায় আপাতত ওই দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে তাঁদের ভূমিকা এবং অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কমিশনার অংশুমান ভোমিয়ার নির্দেশে এবং ডিসিপি পশ্চিম কমল শেখাওয়াতের নেতৃত্বে অভিযান চালানো হয়। এডিসিপি পশ্চিম প্রবীণ কুমার এবং এসিপি প্রতাপনগর নতীশা জাখড়ের তত্ত্বাবধানে গঠিত পুলিশ দলের সদস্যরা অভিযানে অংশ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande