
কলকাতা, ১২ আগস্ট (হি.স.): প্রতিবেশী রাজ্য অসমে তৈরি হওয়া বিধ্বংসী বন্যা পরিস্থিতির মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসমের জন্য ১০ কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় অসমের বর্তমান দুর্যোগকে “ভয়াবহ” বলে অভিহিত করে এই সহায়তার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ও বন্যায় এ পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের এক আত্মিক ও সুদৃঢ় ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই চরম সংকটের মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যবাসী অসমের মানুষের পাশে রয়েছে। তিনি আরও জানান যে, সিকিম, মণিপুর এবং ছত্তিশগড় সহ একাধিক রাজ্য ইতিপূর্বে অসমের জন্য সাহায্য পাঠিয়েছে এবং সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য হিসেবে দিচ্ছে।
প্রসঙ্গত, উত্তর-পূর্বের এই রাজ্যটি বর্তমানে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্যাকবলিত বিস্তীর্ণ জেলাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে প্রশাসন। হাজার হাজার মানুষ গৃহহীন ও জলবন্দি হয়ে পড়েছেন এবং মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি