হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ‘অগণতান্ত্রিক’, বিল পাশ নিয়ে সিপিআই(এম)-এর ক্ষোভ
হাওড়া, ১২ আগস্ট (হি.স.) : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে ‘অগণতান্ত্রিক’ বলে তীব্র আক্রমণ করল সিপিআই(এম)। বুধবার হাওড়ায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগ
সিপিআইএম হাওড়া


হাওড়া, ১২ আগস্ট (হি.স.) : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে ‘অগণতান্ত্রিক’ বলে তীব্র আক্রমণ করল সিপিআই(এম)। বুধবার হাওড়ায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের নেতারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগ না দিয়েই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করানো হয়েছে।

সিপিআই(এম)-এর এক নেতা বলেন, গত ৫ আগস্ট জেলাশাসক ৬৮টি ওয়ার্ডের প্রস্তাব দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে ১২ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সময় দিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বিধানসভায় বিলটি পাশ করিয়ে নেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, “এটা কি গণতন্ত্র?”

দলের অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলের ৫০টি ওয়ার্ডের ভৌগলিক সীমানা পরিবর্তন করে ৬৮টি ওয়ার্ড করা হচ্ছে। একই সঙ্গে ২০২২ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত সরকারি গেজেটে ৬৬টি ওয়ার্ডের উল্লেখ ছিল বলেও দাবি করেছে সিপিআই(এম)। সেই আদেশনামা কী কারণে বাতিল করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দলের নেতারা।

তাঁদের অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতামত নেওয়া প্রয়োজন। কিন্তু আপত্তি জানানোর নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বিল পাশ করিয়ে দেওয়ায় পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা ও গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে আগামী দিনে আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছে সিপিআই(এম)।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande