নুরপুরে নদীবাঁধে বিদেশি পণ্যবাহী জাহাজের ধাক্কা, আতঙ্ক এলাকায়
নুরপুর, ১২ আগস্ট (হি. স.): কলকাতা বন্দরের উদ্দেশে যাওয়ার পথে হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে সজোরে ধাক্কা মারল একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর জেটিঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয
জাহাজের ধাক্কা


নুরপুর, ১২ আগস্ট (হি. স.): কলকাতা বন্দরের উদ্দেশে যাওয়ার পথে হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধে সজোরে ধাক্কা মারল একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর জেটিঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাহাজের ধাক্কায় নদীবাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাস্তা ও একটি বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালয়েশিয়ার একটি বন্দর থেকে পণ্য নিয়ে প্রায় ন’দিন আগে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুরের ওই কার্গো জাহাজটি। বুধবার কলকাতা বন্দরে পৌঁছনোর কথা ছিল। নুরপুরের কাছে পৌঁছতেই আচমকাই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ের দিকে এগিয়ে যায়। এরপর দ্রুতগতিতে নদীবাঁধে ধাক্কা মারে সেটি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নাবিকদের ভুল, নেভিগেশন সংক্রান্ত সমস্যা অথবা অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জাহাজটির গতিবিধি এবং ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande